এডিপি বাস্তবায়নে আইসিটি বিভাগে শীর্ষে ডিএসএ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২০-২১ অর্থ বছরের নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে আছে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ)। অক্টোবরে গৃহীত পরিকল্পনার ৭৫ শতাংশই তারা সম্পাদন করেছে। বাস্তবায়নে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিটি অধিদপ্তর এবং তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সব মিলিয়ে অক্টোবরে আইসিটি বিভাগে জাতীয়ভাবে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ১১.৭৪ শতাংশ।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তথ্য উপস্থাপন করা হয়েছে।
সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্প পরিচালকেরা অনলাইনে যুক্ত হন।
এসময় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ করে এটুআই প্রোগ্রাম , শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, বার আইটি পার্ক স্থাপন প্রকল্প,কালিয়াকৈর হাইটেক পার্কের তৃতীয় সংশোধনী প্রকল্প,জাতীয় তথ্য ও যোগাযোোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন-ইনফো সরকার -৩ প্রকল্প, মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট প্রকল্প, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করন প্রকল্পসহ অন্যান্য সকল প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগন নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
সভায় প্রতিমন্ত্রী প্রকল্পসমূহের আর্থিক লক্ষ্যমাত্রা ও বাস্তব অগ্রগতি অর্জন নিশ্চিত, কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালক গনকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
সংস্থা প্রধান ও প্রকল্পপ পরিচালকগন প্রকল্প সমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি (২০২০-২১) অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ২৭ টি প্রকল্পের জন্য এডিপিতে বরাদ্দ রয়েছে ১৪১৪.৭৯ কোটি টাকা।